করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত যুবক হাসপাতালে

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০২:১২

সিঙ্গাপুর ফেরত মেহেদী হাসান (২৭) নামে এক যুবককে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০২ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের আতঙ্কে হাসপাতাল ত্যাগ করেছেন কয়েক জন রোগী ।

মেহেদি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মেহেদী সিঙ্গাপুরে ছাত্র হিসেবে পড়াশোনা করতেন। এমতাবস্থায় গত শুক্রবার সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। এতে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেছেন।

নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মনির আলী আকন্দ জানান, সিঙ্গাপুর থেকে এসে মেহেদী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। সন্দেহজনক হওয়ায় তাকে বিশেষ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে মেহেদী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেটি এখনো নিশ্চিত নয়।

তিনি আরো জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। রোগীসহ স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।

ইত্তেফাক/এমআর