সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মোদি!

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০০:২১

সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সবাইকে চমকে দিয়ে তিনি এই ঘোষণা দেন। নিজের টুইটারে লেখেন, আগামী ৮ মার্চ রবিবার থেকে সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন তিনি। তার এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

দেশবাসীকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, রবিবার তিনি তার টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করছেন। যদিও এর কারণ ব্যাখা করেননি তিনি। বিশ্বের নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী মোদিও একজন যার সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স রয়েছেন। টুইটারে তার ফলোয়ার সংখ্যা ৫৩ দশমিক ৩ মিলিয়ন, ফেসবুকে ৪৪ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৩৫ দশমিক ২ মিলিয়ন। আধঘন্টার মধ্যে টুইটারে প্রধানমন্ত্রী মোদির পোস্টটিতে প্রায় ২৫ হাজার লাইক পড়ে। প্রতিক্রিয়া আসতে শুরু করে বিরোধীদের। প্রথম প্রতিক্রিয়ায় কংগ্রেসের রাহুল গান্ধী লেখেন, ‘ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়’।