করোনা ইস্যুতে সহযোগিতার আশ্বাস আইএমএফ ও বিশ্বব্যাংকের

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০০:৩৭

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এবং এর ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সদস্যদেশগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সদস্যদেশ, বিশেষত অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোর করোনা ভাইরাস মোকাবিলায় সামর্থ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে। এসব দেশের জন্য জরুরি আর্থিক সহযোগিতা, পরামর্শ, কারিগরি সহযোগিতা করার ঘোষণা দিয়েছে দুই সংস্থা। গতকাল এক যৌথ বিবৃতিতে এ সহযোগিতার আশ্বাসের কথা জানান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বিবৃতিতে তারা বলেন, ‘এই মানবিক সংকটে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে আমরা প্রস্তুত।’ একই সঙ্গে করোনা ভাইরাসের ফলে সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলেও মত দিয়েছে উভয় সংস্থা।