প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের দেশটি সরকারের একজন উপদেষ্টার মৃত্যু হয়েছে।
এর আগে ইরানের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, করোনায় দেশটিতে মৃতের সংখ্যা ২১০ জন। এছাড়া বিভিন্ন সূত্র দাবি করেছে, করোনায় ইরান সরকার মৃত ও আক্রান্তের সংখ্যা যা বলছে বাস্তবে তা কয়েক গুণ বেশি।
গত সপ্তাহে কোমের একজন এমপি অভিযোগ করে বলেন, সরকার করোনাভাইরাসের সংক্রমণের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে। তার দাবি, কেবল কোম নগরীতেই ৫০ জনের মৃত্যু হয়েছে।
চীনের বাইরে করোনায় ইরানেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।
সেইসঙ্গে ইরানের সমস্ত হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।
ইত্তেফাক/এসআর
