বাংলাদেশে ২০ কোটি ডলার বিনিয়োগ করবে কোকা-কোলা

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:১৯

ইত্তেফাক রিপোর্ট

গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে কোকা-কোলা। আর আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরো ২০ কোটি ডলার (১ হাজার ৭০০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এ প্রতিষ্ঠানের। অন্যদিকে এ প্রতিষ্ঠানের নেওয়া কার্যক্রমের মাধ্যমে ১ লাখ নারী স্বাবলম্বী হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে এমন ঘোষণা দেন বাংলাদেশে প্রথমবারের মতো আসা কোমলপানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেমস কোয়েনসি।

জেমস কোয়েনসি জানান, ২০২০ সালের মধ্যে বাংলাদেশের ১ লাখ নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোকা-কোলা, ডায়েট কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে পানি, কিনলে সোডা, কোকা-কোলা জিরো, স্প্রাইট জিরো, থাম্বস আপ কারেন্ট প্রভৃতি পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে পাঁচ শতাধিক লোকের সরাসরি এবং পরোক্ষভাবে আরো ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে কোকা-কোলা।

কোকা-কোলা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। যেমন ‘এভরি ড্রপ ম্যাটারস’ ও ‘ওয়াশ’। এই দুই কর্মসূচির আওতায় দেশব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন বা পয়োনিষ্কাশন, হাইজিন বা স্বাস্থ্যবিধি বা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্কুলে বৃষ্টির পানি সংরক্ষণের কার্যক্রম চলমান। এ ছাড়া ২০১৫ সালে বাংলাদেশের গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরির লক্ষ্যে ‘উইমেন বিজনেস সেন্টার’ (ডব্লিউবিসি) প্রকল্প চালু করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ফাইভ বাই টুয়েন্টি কর্মসূচির সূচনা করে কোকা-কোলা। কেন্দ্র উপকেন্দ্র মিলিয়ে এখন পর্যন্ত ২০৪টি উইমেন বিজনেস সেন্টার চলছে। এতে ৭০ হাজার নারী আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।