জয় ছাড়া কিছু ভাবছেন না লেমস-সিনলেন

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:৪৯

মোহামেডান আবাহনী ফুটবল লড়াই আজ

 সোহেল সারোয়ার চঞ্চল

মতিঝিল থেকে নারায়ণগঞ্জের কাছে আলীগঞ্জ মাঠে গিয়ে অনুশীলন করে মোহামেডান ফুটবলারদের ক্লাবে ফিরতে দুপুর। অনুশীলনের চেয়ে ট্র্যাফিক জ্যামের ক্লান্তিটাই বেশি কোচ খেলোয়াড়দের। ক্লাবে ফিরে নিজের রুমে গা এলিয়ে বসে কথা বলতে গিয়েই যেন চাঙ্গা হয়ে গেলেন ইংলিশ কোচ সিনলেন।

এক কথায় বলে দিলেন আবাহনীকে আজ হারাতেই মাঠে নামবেন তিনি। গত লিগের ফিরতি পর্বে মোহামেডান ৪-০ গোলে হারিয়েছিল আবাহনীকে। এভাবে নাকানিচুবানি খাবে বুঝতেও পারেনি আবাহনী। সেই রেজাল্টের চেয়ে এখন বড়ো কথা হচ্ছে আবার আবাহনীকে হারাতে মরিয়া মোহামেডান। কোচ সিনলেনের হাতে শক্তি আছে। সেটাকে মাঠের কাজে লাগাতে চান তিনি।

কি সেই শক্তি? কোচ বললেন, ‘আমাদের প্রিসিজন অনুশীলন ভালো হয়েছে। এরই মধ্যে আমাদের ছেলেরা ভালো খেলতে শুরু করেছে। ফেডারেশন কাপ ফুটবলে ভালো খেলেছি। একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এটাকে আমরা কাজে লাগাতে চাই আবাহনীর বিপক্ষে।’ বলতে বলতে যোগ করলেন কোচ, ‘আমাদের আরো শক্তিটা হচ্ছে আমরা কুইক স্পেস তৈরি করতে পারি। সেটা হোক ডিফেন্স, মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং জোন। এখন একটা দল নিয়ে খেলার মতো অবস্থায় আমরা এসেছি। আবাহনী ভালো দলদের সেটপিসগুলো ভালো আমরা সেটা নিয়ে কাজ করেছি।’ আরামবাগকে (০-১) হারিয়ে মোহামেডানের শুরু, সাইফের কাছে (১-০) গোলে হার, শেখ রাসেলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে মোহামেডান ‘লিগ বিজয়ের’ উল্লাস করেছিল সিলেটের মাঠে। কোচকে মাথায় তুলে উল্লাস করেছিলেন খেলোয়াড়রা। ড্রেসিংরুমে খেলোয়াড় কোচ নেচে ছিলেন। এখন এতো আনন্দ করলেন? কোচ সিনলেন বললেন, ‘আমার খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে। একা বড়ো জয় তাদের মধ্যে বাড়তি আনন্দ এনে দিয়েছিল সেদিন। এটা একটা আবেগ বলতে পার।’

মোহামেডান অধিনায়ক জাপানি ফুটবলার ইউরি। গত মৌসুমেও খেলেছেন। এখন অধিনায়ক হয়ে আবাহনীকে হারাতে চান। আবাহনীকে বললেন, ‘ওদের সিনিয়র ফুটবলার বেশি। আমাদের তরুণের সংখ্যাটা বেশি। আমরা ৯০ মিনিট লড়াই করব। শক্তিশালী ম্যাচ উপহার দেব। আমরা জানি মোহামেডান আবাহনী ম্যাচটা বাংলদেশের ফুটবলে আকর্ষণীয় ম্যাচ ছিল। এখন জৌলুস কম হলেও আমরা জৌলুস দেখাতে চাই।’

মোহামেডানের মতো আবাহনীর মাঠ সমস্যা নেই। মাঠেই তাদের আবাসিক ভবন। পা রাখলেই মাঠ। সেখানে গিয়ে দেখা গেল গোলকিপার সোহেলকে আলাদা করে অনুশীলন করাচ্ছেন গোলকিপিং কোচ আতিক। মাঝে দাঁড়িয়ে ম্যানেজার সত্যজিত দাস রূপু। পতুর্গীজ কোচ মারিও লেমস অন্য ফুটবলারদের অনুশীলন নিয়ে ধ্যানমগ্ন। কথা বলতেই স্বভাবে উত্ফুল্ল লেমস বললেন, ‘ডার্বি ম্যাচ হবে। আমরা শুনেছি এক সময় এই দুই দলের খেলা দেখতে স্টেডিয়াম ভরে যেত। এখন তেমন না হলেও লড়াইটা ঐতিহ্যের। আমরা জিতেই মাঠ ছাড়ব।’

পুলিশ (০-২) ও রহমতগঞ্জের (০-১) বিপক্ষে জিতে মাঝে ব্রাদার্সের বিপক্ষে ড্র (১-১) করে আবাহনী। এটা নিয়ে আবাহনীর সমর্থকদের হতাশ না হওয়ার অনুরোধ রূপুর। তার চোখে ভালোই খেলছে আবাহনী।

তিন ম্যাচে এক গোল করেছেন স্ট্রাইকার দলের অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন। বলছিলেন তার পাস থেকে গোল করেছে অন্যরা। কিন্তু নিজে গোল পাননি। আজ মোহামেডানের জালে গোল করার জন্য মরিয়া জাতীয় দলের এই স্ট্রাইকার।

আজকের খেলা :

রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস। মোহামেডান ও আবাহনী। ৩টা ৩০ ও ৬টা ৩০ বঙ্গবন্ধু স্টেডিয়াম।