ইত্তেফাক রিপোর্ট
চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-নভেম্বর এই পাঁচ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের অনুকূলে প্রায় ১৮৭ কোটি ডলার অর্থছাড় হয়েছে। অর্থছাড়ের এই পরিমাণ আগের (২০১৭-১৮) অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ডলার বেশি। সেই সময়ে প্রায় ১৭১ কোটি ডলার ছাড় হয়েছিল। অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অর্থবছরে রেকর্ড প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার অর্থ ছাড় হয়েছিল। সে হিসাবে চলতি অর্থবছরে প্রথমার্ধে ভালো অগ্রগতি হয়েছে। ইআরডির কর্মকর্তারা জানান, অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে মোট ১৮৬ কোটি ৯৫ লাখ ডলার ছাড় হয়েছে। এর মধ্যে ঋণ আকারে ছাড় হয়েছে ১৮১ কোটি ১৩ লাখ ডলার। আর অনুদান হিসেবে ছাড় হয়েছে প্রায় ৬ কোটি ডলার। সরকারের লক্ষ্য রয়েছে অর্থবছর শেষে সবমিলিয়ে ৭শ কোটি ডলার ছাড় করার। এরমধ্যে প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ২৬ শতাংশ অর্জিত হয়েছে।
এদিকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৩৮২ কোটি ৪৫ লাখ ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অর্থাত্ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে এই পরিমাণ অর্থ দেওয়ার চুক্তি হয়েছে। এর মধ্যে ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে ৩২৪ কোটি ডলার এবং অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে ৫৪ কোটি ৪৫ লাখ ডলার সমপরিমাণ। গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ৬৭১ কোটি ডলার।
ইআরডির তথ্যানুযায়ী নভেম্বর মাস পর্যন্ত পুঞ্জিভূত পাওনা হিসেবে উন্নয়ন সহযোগীদের ৬০ কোটি ৪১ লাখ ডলার পরিশোধ করেছে সরকার। এরমধ্যে আসল হিসাবে পরিশোধ করা হয়েছে ৪৫ কোটি ১৮ লাখ ডলার এবং সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৫ কোটি ২৩ লাখ ডলার। গতবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৫২ কোটি ৪৮ লাখ ডলার। এর মধ্যে আসল ৪১ কোটি ১৪ লাখ ডলার এবং সুদ ১১ কোটি ডলার।
