চলতি মৌসুম শেষেই জুভেন্তাসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে গঞ্জালো হিগুয়েইনের। তাই সম্ভবত দল খুঁজছেন এই আর্জেন্টাইন। এরই মধ্যে তার সম্ভাব্য দল হিসেবে নাম শোনা যাচ্ছে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের। স্পেনের বাস্ক প্রদেশের ক্লাবটি সচরাচর তাদের নিজের এলাকার খেলোয়াড়দেরই দলে ভিড়িয়ে থাকে। কাজেই রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়টির গন্তব্য হিসেবে অ্যাথলেটিক ক্লাবের নাম অনেককেই বিস্মিত করতে পারে। মজার ব্যাপার হলো হিগুয়েইনের রক্তে আছে বাস্ক অঞ্চলের সংশ্লিষ্টতা। কারণ আর্জেন্টাইন খেলোয়াড়টি হলেন এক বাস্ক বাসিন্দার নাতি, যিনি আর্জেন্টিনায় অভিবাসী হয়েছিলেন। হিগুয়েইন নিজেও আর্জেন্টিনা ও ফ্রান্সের দ্বৈত নাগরিক। এর কারণ তার বাবা য়োর্গে হিগুয়েন ফ্রান্সের স্টেড ব্রেস্টোইসে খেলার সময় সেখানে তার জন্ম হয়েছিল।
