একুশে পদকজয়ী শুদ্ধানন্দ মহাথেরোর পরলোকগমন

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:৩৪

একুশে পদক পাওয়া, ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। গতকাল মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া জানান, সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি হূদরোগে ভুগছিলেন। ভারত থেকে চিকিত্সা শেষে তিন দিন আগে দেশে ফেরেন শুদ্ধানন্দ মহাথেরো।  কিন্তু বিমানবন্দরে পৌঁছে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ল্যাব এইডে নেওয়া হলে চিকিত্সকরা তাকে আইসিইউতে ভর্তি করেন।   ল্যাব এইড থেকে শুদ্ধানন্দ মহাথেরোর মরদেহ গতকাল মঙ্গলবার দুপুরে নেওয়া হয় বাসাবোর বৌদ্ধ মহাবিহারে। তার শেষকৃত্যের বিষয়ে সেখানেই সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ভারতীয় হাইকমিশনও শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে।

শুদ্ধানন্দ মহাথেরো তত্কালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ার এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। শুদ্ধানন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহসভাপতি। সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১২ সালে একুশে পদকে ভূষিত করে। এছাড়া সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহাত্মা গান্ধী শান্তি পদক (২০০৭) এবং ভারতসহ দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননা লাভ করেন।