বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ভেন্টিলেটর ক্রয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় চার্জশিট অনুমোদ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে এ চার্জশিট অনুমোদন দেয়। শিগিগরই বিচারিক আদালতে এ চার্জশিট দাখিল করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ১৬ আগস্ট কমিশনের সাবেক উপপরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে শাহবাগ থানায় দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।
অনুমোদিত চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ রেজিস্ট্রার ও আইসিইউ ভেন্টিলেটর ক্রয় কমিটির সদস্য সচিব ডা. কাজী এবাদুল্লাহ, সিমেন্স বাংলাদেশ লি. এর মেডিক্যাল সল্যুশন বিভাগের সাবেক জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন।
অভিযোগের ব্যাপারে চার্জশিটে বলা হয়, আসামিরা একে অপরের যোগসাজশে ওকতাদী ইঞ্জিনিয়ার্স ও অসীম কন্সট্রাকশন নামক দুইটি প্রতিষ্ঠানের নামে মিথ্যা জাল কোটেশন প্রস্তুত করে তা সাপোর্টিং কোটেশন হিসেবে দাখিল করে বৈধ হিসেবে ব্যবহার করেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাব রক্ষণ পদ্ধতির নিয়মনীতি তোয়াক্কা না করে ছয়টি আইসিইউ ভেন্টিলেটর ক্রয়ে ৭২ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করে নিজেরা লাভবান হওয়ায় কমিশন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
