রাজধানীর মুগদা থানা এলাকা থেকে নেশাজাতীয় প্যাথেড্রিন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। তারা হলেন সাইফুল ইসলাম হাবিব ওরফে চশমা সাইফুল, আব্দুল হামিদ জুম্মন ও মো. সাব্বির। গত সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৪০ পিস নেশাজাতীয় প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।
