ডেমরায় দুই শিশু হত্যার ঘটনায় দুই জনের ফাঁসি

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০০:৪৭

রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত দুজন হলেন—গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল বাওয়ানী। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে দুই শিশুর পরিবার। তারা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান।

বাদীপক্ষে সহায়তাকারী এনামুল হক (আনাম) জানান, এটি একটি আলোচিত মামলা। ঘটনা যেদিন ঘটে সেটি ছিল তাদের স্কুলের প্রথম দিন। স্কুল থেকে এসে তারা খেলতে যায়। আসামিরা সুপরিকল্পিতভাবে শিশু দুটিকে রাস্তা থেকে লিপস্টিকের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাদের জড়িয়ে ধরে। তারা চিত্কার করলে আসামিরা তাদের গলা টিপে মেরে খাটের নীচে লুকিয়ে রাখে। নির্মম এক ঘটনা। আদালত আসামিদের ফাঁসির আদেশ দিয়েছেন।

তিনি বলেন, আমি মনে করি এ ধরনের মামলায় শুধু ফাঁসির আদেশ দেওয়ায় যথেষ্ট নয়, এটা দ্রুত কার্যকর করতে হবে। সর্বোচ্চ আদালতে এ রায় যেন বহাল থাকে এবং কার্যকর হয় সে ব্যবস্থা গ্রহণ করব।