যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটির ৯ জন মারা গেছে। আক্রান্ত ১২৫ জন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ১৩ রাজ্যে করোনা হানা দিয়েছে। এসব রাজ্যের মধ্যে আরিজোনায় ২, ক্যালিফোর্নিয়া ২৬, ফ্লোরিডায় ৩, জর্জিয়ায় ২, ইলিনয়ে ৪, ম্যাসাচুসেটসে ২, নিউ হ্যাম্পশিয়ার ২, নিউ ইয়র্কে ২, নর্থ ক্যারোলিনায় ১, অরেগনে ৩, রোড আইল্যান্ডে ২, ওয়াশিংটনে ২৭ এবং উইশকনসিনে ১ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া আরো রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের ৭৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯০ হাজার।
শুধু চীনেই এই ভাইরাসে ২ হাজার ৯শ' ১২ জনের মৃত্যু হয়েছে। তবে চীনে দাবি, এখন করোনায় তাদের দেশে আক্রান্ত ও মৃতের হার কম। এদিকে চীনে বাইরে ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরানে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।
ইত্তেফাক/এসআর
