প্রাণঘাতী করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরো ৫১৬ জন আক্রান্ত হয়েছেন। চীনের পর সবেচেয়ে ভয়াবহভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়াতে। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ হাজার ৩শ ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে ৩২ জন।বুধবার দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়। এই পরিস্থিতে দেশটির হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না করোনা ভাইরাসে আক্রান্ত অনেক রোগী।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে দায়েগু শহরে। এই শহরটির অনেক হাসপাতালেই রোগীদের চিকিৎসা নেয়ার সুযোগ মিলছে না। এছাড়া পুরো দক্ষিণ কোরিয়াতেই এমন পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার উপ স্বাস্থ্যমন্ত্রী কিম গ্যাং লিপ বলেন, রোগী বেশি হওয়ায় দায়েগু শহরে প্রায় ২ হাজার৩শ করোনা রোগী হাসপাতালে ভর্তি হতে পারছেন না। এই দায়েগু শহরের একটি হাসপাতাল এবং একটি ধর্মীয় গ্রুপ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এদিকে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত দেশটির মানুষকে সকল ধরণের সেবা দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এই প্রাণঘাতী ভাইরাসে পুরো বিশ্বে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরো ৯০ হাজার মানুষ। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/এআর
