লাক্স তারকা হিসেবে মিডিয়াতে যাত্রা শুরু করলেও জাকিয়া বারী মম নিজের যোগ্যতা দিয়ে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিভাময়ী এই অভিনেত্রীর বর্তমান কাজ নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে অভিনয় অঙ্গনে যে ক’জন অভিনেত্রী নিয়মিত অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমকে নিয়ে বৈশাখের দুটি বিশেষ নাটক নির্মাণ প্রসঙ্গে নাট্যকার ও পরিচালক সাগর জাহান বলেন, ‘মমর মতো পেশাদার অভিনেত্রী এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন। সত্যিকার অর্থেই মম এতটা ভালো অভিনয় করে যে অভিনয়ে তার অধ্যবসায়ই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’
সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে ‘এক বৈশাখী ভোরে’ এবং ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটক দুটির শুটিং করলেন। মমর বিপরীতে দুটি নাটকেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘এক বৈশাখী ভোরে’ মমর বিপরীতে মোশাররফ অভিনয় করেছেন শাহীন চরিত্রে এবং ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে অভিনয় করেছেন তমাল চরিত্রে। নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘সাগর জাহান ভাই আমার প্রিয় নাট্যকার এবং নির্মাতাদের মধ্যে অন্যতম। তার গল্প আমার যেমন ভালো লাগে, ঠিক তেমনি তার নির্দেশনাও ভীষণ ভালো লাগে আমার। সাগর ভাই ভীষণ যত্ন নিয়ে নিয়ে এবং গুছিয়ে কাজ করেন। তার নির্দেশনায় সর্বশেষ ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’ নাটকে কাজ করেছি, যদিও তা এখনো প্রচার হয়নি। নতুন যে দুটি নাটকে কাজ করেছি দুটি নাটকের গল্পই ভীষণ সুন্দর। সহশিল্পী হিসেবে মোশাররফ ভাই থাকা মানেই হলো অভিনয়ে আরো কিছু নতুন অভিজ্ঞতা যুক্ত হওয়া। তাবত্ দুনিয়া সম্পর্কেও আরো অনেক কিছু জানার সুযোগ হওয়া।’ দুটি নাটকের গল্প প্রসঙ্গে সাগর জাহান বলেন, ‘এক বৈশাখী ভোরে’ নাটকের গল্পে দেখা যাবে রূপাকে তার পরিবার বয়স্ক একজন লোকের সঙ্গে বিয়ে দিতে চায়। কিন্তু রূপা তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যেতে চায়। পালিয়ে গিয়ে গাড়ি ঠিক করার সময় রূপার দেখা হয় সিএনজি চালক ড্রাইভার শাহীনের সঙ্গে। এগিয়ে যায় গল্প। আবার ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে দেখা যাবে শহর থেকে এক নিভৃত পল্লিতে নানুর বাড়িতে বেড়াতে আসে জোনাকি। সেখানে এসে দেখা হয় গ্রামের শিক্ষিত সচেতন আত্মবিশ্বাসী ছেলে তমালের সঙ্গে। গ্রামের ছেলেদের শিক্ষিত সচেতন করে তুুলতে শুধু একদিনের জন্য নয় সারাজীবনের জন্য তমাল তার পাশে চায় জোনাকিকে। তমালের প্রেমিকা ছিল বনলতা। হারিয়ে যাওয়া বনলতাকেই তমাল খুঁজে পেতে চায় জোনাকির মাঝে।’ পহেলা বৈশাখে নাটক দুটি ভিন্ন দুই স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
