বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রবর্তিত ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০২০’ গ্রহণ করলেন দেশের প্রথিতযশা অভিনয়শিল্পী আফজাল হোসেন এবং আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবনী। বাংলাদেশের অন্যতম প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন উপলক্ষে ২০১৭ সাল থেকে এ সম্মাননা প্রবর্তন করেছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্যে প্রতিবছর তারুণ্যের উচ্ছ্বাস এ সম্মাননা প্রদান করে থাকে। গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, গোলাম মুস্তাফা তনয়া অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা এমপি। অনুষ্ঠানে অতিথিরা সম্মাননাপ্রাপ্ত গুণীজন অভিনয়শিল্পী আফজাল হোসেন এবং আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবনীর হাতে তুলে দেন উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক এবং সম্মাননা আর্থিক মূল্য ১০ হাজার টাকা। ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সংগীতভবন এবং অভ্যুদয় সঙ্গীত অঙ্গন। একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, প্রজ্ঞা লাবনী, আফসানা মিমি। উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবারের মতো তারুণ্যের উচ্ছ্বাস প্রবর্তিত গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা গ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ২০১৮ সালে এ সম্মাননা গ্রহণ করেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং ২০১৯ সালে এ সম্মাননা গ্রহণ করেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা এবং আবৃত্তিশিল্পী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।
