নজরুলের গান-কবিতা মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে ...................... শিক্ষামন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫২

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান অনুপ্রাণিত করেছে বাংলাদেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের লেখা থেকেই নিয়েছেন আমাদের মুক্তির স্লোগান ‘জয় বাংলা’। স্বাধীনতার পর পর ১৯৭২ সালের ২৪ মে জাতির পিতার ঐকান্তিক উদ্যোগে কবিকে স্বপরিবারে বাংলাদেশে এনে বসবাসের ব্যবস্থা করা হয় এবং জাতীয় কবি হিসেবে আসীন করা হয়। নজরুলের জীবনের শেষ শয়ানও হয় এই বাংলার শ্যামল মাটিতে। বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।