রাকাবের খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৫

আগামী বুধবারের মধ্যে ব্যাখ্যাসহ কমানোর কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে

রেজাউল হক কৌশিক

ব্যাংকের মূল কাজ গ্রাহকদের ঋণ দেওয়া ও বিতরণ করা ঋণ আদায় করা। তবে উত্তরবঙ্গের কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বিতরণ করা ঋণ আদায় করতে পারছে না। ব্যাংকটির মোট বিতরণ হওয়া ঋণের এক-পঞ্চমাংশ খেলাপি হয়ে গেছে। আর ঋণের বিশাল অংশ খেলাপি হয়ে পড়ায় খোদ বাংলাদেশ ব্যাংকই উদ্বেগ প্রকাশ করেছে। আগামী বুধবারের মধ্যে খেলাপি ঋণ উদ্বেগজনক পর্যায়ে থাকার কারণ জানাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কীভাবে খেলাপি ঋণ কমানো যায় তারও একটা কর্মপরিকল্পনা জানতে চাওয়া হয়েছে।

রাকাবের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক শ্রেণিকৃত ঋণের ত্রৈমাসিক বিবরণী পর্যালোচনায় পরিলক্ষিত হয় যে, আপনাদের ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১৭ দশমিক ১৬ শতাংশ, যা উদ্বেগজনক। এমতাবস্থায়, শ্রেণীকৃত ঋণের হার উদ্বেগজনক পর্যায় থাকার কারণ ব্যাখ্যাসহ অনাদায়ী ঋণ আদায় ও শ্রেণিকৃত ঋণের হার হ্রাসকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থাপত্র প্রাপ্তির তারিখ থেকে ৭ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করার জন্য রাকাবকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বর শেষে রাকাবের বিতরণকৃত ঋণের পরিমাণ হলো ৫ হাজার ৪৯৬ কোটি টাকা। সে হিসাবে এ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৯৪৩ কোটি ১১ লাখ টাকা। শুধু খেলাপি ঋণই নয় মূলধন ঘাটতি, এডিরেশিওসহ অনেক সূচকে বেশ খারাপ অবস্থায় রয়েছে ব্যাংকটি। ফলে ব্যাংকটি বর্তমানে নগদ টাকার সংকটের মধ্যে রয়েছে।

কয়েক মাস আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন এ কে এম সাজেদুর রহমান খান। এছাড়া সম্প্রতি চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব রাইসুল আলম মণ্ডল যোগ দিয়েছেন। তারা এ ব্যাংকের সমস্যাগুলোর কোনো কূলকিনারা করতে পারছেন না।