বিয়ের পর সৌম্য ‘একটা দায়িত্ব বাড়ছে’

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

মুমিনুল হক, আকবর আলীসহ কয়েক জন ক্রিকেটারের সঙ্গে গতকাল বিকালে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে আসেন সৌম্য সরকার। তখনই ‘নতুন জামাই এসেছে, নতুন জামাই এসেছে’ একটা রব পড়ে গেল সিসিডিএম কার্যালয়ে।

আসন্ন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য গতকাল মুমিনুলদের সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সে নাম লিখিয়েছেন সৌম্য। গত ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই বাঁহাতি ওপেনার। প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন সৌম্য। বিয়ের কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে সিরিজ খেলা হয়নি তার।

সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। তাই বিয়ের পর্ব সেরেই দ্রুত ঢাকায় ফিরেছেন সৌম্য। গত দুই দিন ধরে মিরপুরে অনুশীলনও করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ টি-২০ দলে থাকার কথা সৌম্যর। দলবদলের পর তাই অনুমিতভাবেই বিয়ে নিয়ে কথা বলতে হলো সৌম্যকে। বিয়ের মাধ্যমে আরেকটা দায়িত্ব বেড়েছে বলেই মনে হয়েছে তার। বিয়ের পর পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে গতকাল এই ক্রিকেটার বলেছেন, ‘পরিবর্তন বলতে আসলে এখনো ওভাবে সময়ই পাইনি ওভাবে চিন্তা করার। বিয়ের পরপরেই মাঠে চলে আসা। তো অবশ্যই পরিবর্তন তো আছে। একটু তো মনে হবেই যে আগে যখনই চাইতাম চলে আসতে পারতাম, দ্রুত আসতে পারতাম। এখন মনে হয় যে, একটা দায়িত্ব বাড়ছে। এ দায়িত্বটার পাশাপাশি সেটাও পালন করার চেষ্টা করব।’