টঙ্গীতে অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:১২

আধিপত্য নিয়ে সংঘর্ষ,

আহত দুই

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীর মিরাশপাড়া ছাপড়া মসজিদ এলাকায় গত মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন আহত হয়েছে। আহত মামুন ও রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে উভয় গ্রুপ রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে এলাকায় পালটাপালটি অস্ত্রের মহড়া দেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ইয়াবা ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার মাদক ব্যবসায়ী সৌরভ ও বিপ্লবের সঙ্গে অপর মাদক ব্যবসায়ী মামুনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালালে মামুন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় বদরুদ্দিন বদুর ছেলে শাকিল উভয় গ্রুপের লোকজনকে এলাকায় হাঙ্গামা করতে নিষেধ করে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শাকিলের ছোটো ভাই রাকিবকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে সৌরভ-বিপ্লব গ্রুপ। পরে আহত মামুনের মা সেতারা বেগম স্থানীয় আক্তার হোসেন, তানভির, সাইদ, আকাশ ও অজ্ঞাতনামা সাত-আট জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপর দিকে রাকিবের পিতা বদরুদ্দিন বদু স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন, আকতার হোসেন, তানভির ও অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অপর একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় সেতারা বেগম, বদরুদ্দিন বদু ও আক্তার হোসেনের কাছ থেকে পৃথক তিনটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।