ছেলের নির্যাতন থেকে বাঁচার আকুতি বৃদ্ধা মায়ের

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

ছেলের নির্যাতন থেকে বাঁচতে সরকারের বিভিন্ন মহলসহ আইন প্রয়োগকারী সংস্থার দ্বারে দ্বারে ঘুরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন এক বৃদ্ধা মা। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। গতকাল বুধবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পল্লবী এলাকার বাসিন্দা সাহিদা রহমান (৭৬) এই আকুতি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পল্লবী থানাধীন ১০ নম্বর সেকশন, ১ নম্বর লেন, এ ব্লকের ৬ নম্বর বাড়িটি তাদের। বাড়ির ৮২ শতাংশ জমির মালিক তার ছোটো ছেলে জুয়েল। কিন্তু সে বিদেশে থাকাবস্থায় জোর করে তার বড়ো ছেলে আজিজুর রহমান প্রায় পুরো বাড়িটি দখলে নিয়ে নেয়। এতে বাধা দিতে গিয়ে তিনি নাজেহাল হন। 

তিনি আরো জানান, তার স্বামী জিল্লুর রহমান ২২ বছর আগে মারা যান। এরপর থেকেই মূলত বাড়ি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে বড়ো ছেলে আজিজ। এছাড়া হাফিজের স্বাক্ষর নকল করে গ্রামীণফোনকে বাড়ির ছাদে টাওয়ার নির্মাণের অনুমতি দিয়ে প্রতিমাসে ভাড়া নিচ্ছে আজিজ। এসব ঘটনায় আজিজের বিরুদ্ধে মামলা করলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ১২ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়ে বাসায় এসেই তার উপর হামলা চালায় এবং মারধর করে। বর্তমানে ছোটো ছেলে হাফিজ দেশে থাকায় তাকেও বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বাসার আশপাশে প্রায়ই অপরিচিত লোকজনের আনাগোনা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন তিনি। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন সাহিদা রহমান।