উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার পাঁচটি ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সরবরাহ বন্ধ রাখা হয়েছে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে। যার ফলে জন্ম নিবন্ধনের অভাবজনিত কারণে অনেকেই বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসলেও সম্প্রতি নতুন বছরের শুরুতেই ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করানো নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা।
শেষ পর্যন্ত জন্মনিবন্ধন বিহীন ছাত্র-ছাত্রীরা আদৌ স্কুলে ভর্তি হতে পারে কি-না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আর শঙ্কায় আছেন শিক্ষকরাও।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, হাজার হাজার কৃতকার্য ছাত্র-ছাত্রীর জন্মনিবন্ধন নেই। এসব শিক্ষার্থীকে কিভাবে ভর্তি করা হবে তা জানতে চান তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, চেয়ারম্যানের একটি সত্যায়িত লেখা নিয়েও ভর্তি করা সম্ভব। তিনি এ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, তিনি জন্মনিবন্ধন বিহীন যেভাবে ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি করা সম্ভব সে ব্যাপারে একটি দিক-নির্দেশনা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি চাইবেন।
