শার্শায় গত মঙ্গলবার সন্ধ্যায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে নাসির উদ্দীন নামে এক যুবক। আনিসুর রহমান উপজেলার কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনিসুর রহমান মোল্লাপাড়া এলাকায় সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় বিদেশ ফেরত ঐ গ্রামের হামজা আলীর ছেলে নাসির উদ্দিন পেছন থেকে এসে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আনিসুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে আনলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
