মঠবাড়িয়ায় গভীর রাতে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:৩৫

মঠবাড়িয়ায় একটি সার্বজননীন মন্দিরে গভীর রাতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে মন্দিরের পূজার সরঞ্জামাদি ও বাদ্যযন্ত্র পুড়ে গেছে। এ সময় দুর্বৃত্তরা মন্দির সংলগ্ন এক বাড়ির দুইটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয় গ্রামের সার্বজননীন সেবাশ্রম মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রণজিত্ কুমার ব্যাপারী জানান, ১৯৯২ সালের গোলবুনীয় গ্রামে এ মন্দির প্রতিষ্ঠার পর থেকে হিন্দু সম্প্রদায় সম্মিলিতভাবে প্রতি বছর দুর্গাপূজাসহ বাত্সরিক কীর্তনসহ নানা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। গভীর রাতে কে বা কারা আগুন দিলে মন্দিরের মালামাল পুড়ে ছাই হয়। এ সময় দুর্বৃত্তরা মন্দির সংলগ্ন কৃষক বিরেন ব্যাপারীর বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়।

মঠবাড়িয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিতোষ ব্যাপারী, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল বলেন, উপসনালয়ে অগ্নিসংযোগ দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর যথাযথ বিচারের দাবি জানাই।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।