করোনা ভাইরাস আতঙ্কে এবার নিজেদের নাগিরকদের ওপর ওমরাহ পালন এবং মদিনায় মসজিদে নববিতে যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করোনা ভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণে যে কমিটি গঠিত হয়েছে তার সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিটি তাদের সিদ্ধান্ত পর্যালোচনা অব্যাহত রাখবে এবং নিষেধাজ্ঞার কারণ যখন থাকবে না তখনই এটি প্রত্যাহার করে নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘নাগরিক, বাসিন্দা ও সৌদি আরবে যারা ওমরাহ পালনে, মসজিদে নববিতে সফর অথবা পর্যটনে আসেন তাদের সর্বোচ্চ সুরক্ষার পূর্ণ প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ গত সোমবার সৌদি আরবে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আক্রান্ত ঐ সৌদি নাগরিক ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরেছিলেন। গত বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের ওমরাহ ও পর্যটন ভিসা দেওয়া স্থগিত করে।
