নবীনগরের হাজীপুর গ্রামে নতুন কূপ

জাতীয় গ্রিডে যোগ হবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০০:২৮

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্যাস ক্ষেত্রের প্রসেস প্লান্ট দিয়ে নতুন করে জাতীয় গ্রিডে যোগ হবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। মঙ্গলবার পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে নতুন এ গ্যাস কূপের সন্ধান পায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লেরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এ গ্যাস কূপ আবিষ্কারের কৃতিত্ব বাপেক্সের? গত বছরের ৬ আগস্ট নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স । অবশেষে মঙ্গলবার রাত ৮টার দিকে গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হওয়ার খবর মেলে। ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস স্তর থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানায় বাপেক্স।

বাপেক্স জানিয়েছে, নতুন পাওয়া গ্যাস কূপের কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। খননবিদ মোছাদ্দেক হক জানান, অনুসন্ধান কূপ শ্রীকাইল ইস্ট-১ রূপকল্প-১ খনন প্রকল্পটি ২০১৯ সালের অক্টোবরে কাজ শুরু করে ২০২০ সালের জানুয়ারিতে শেষ হয়।

বাপেক্সের হিসাব অনুযায়ী, এখানে মোট গ্যাসের মজুত ৩০০ বিলিয়ন ঘনফুট। নতুন এ গ্যাস ক্ষেত্র জ্বালানি খাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ বাপেক্সের।

উল্লেখ্য, এতদিন এই গ্যাস ক্ষেত্রের দুটি কূপ থেকে দৈনিক ৪১-৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।