চট্টগ্রামে ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাশকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুত্ফুল কবির চন্দন ইত্তেফাককে বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাশের কর্ম এলাকা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। তিনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়মিত ঘুষ নিতেন বলে স্থানীয় ব্যবসায়ীরা আমাদের কাছে অভিযোগ করেন। সর্বশেষ জিএ বেকারি নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তাকে আরো ১০ হাজার টাকা দেওয়ার জন্য ঐ বেকারি মালিক বৃহস্পতিবার পলাশ কুমার দাশের কার্যালয়ে আসেন। আমরা বিষয়টি আগে থেকেই জানতাম। টাকা লেনদেনের ফাঁদ পেতে হাতেনাতে পলাশকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পলাশকে গ্রেফতার দেখিয়ে চালান দেওয়া হয়েছে বলে জানান এ দুদক কর্মকর্তা।
