দলবদলের মঞ্চে মাশরাফি-বন্দনা

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:১৯

জীবনের মতোই ঘটনাটা। একটু আগে এই মঞ্চে সবাইকে বিষাদে ভাসিয়ে অধিনায়ক হিসেবে নিজের শেষের ঘোষণা দিয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। খানিক পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সেই সংবাদ সম্মেলন কক্ষেই ফুল ছিটানো হলো, পার্টি স্প্রে করা হলো। মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলামদের সাড়ম্বরে বরণ করে নিল আবাহনী লিমিটেড। সাইফউদ্দিন, আফিফ হোসেন, নাঈম শেখও আবাহনীতে যোগ দেন।

দলবদলের মঞ্চ জুড়ে গতকাল ছিল ক্রিকেটারদের কণ্ঠে বিদায়ি অধিনায়ক মাশরাফিকে নিয়ে বন্দনা। তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করলেন, বললেন ক্রিকেটাররা।

ঢাকা প্রিমিয়ার লিগের আংশিক দলবদল অনুষ্ঠিত হলো গতকাল সিলেটে। জাতীয় দলের খেলোয়াড়রা সবাই সিলেটে থাকায় এখানেই এসে সিসিডিএম কর্মকর্তারা তাদের সই নিলেন। এর মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক প্রথমবারের মতো এই ক্লাবে খেলা নিয়ে বললেন, ‘ইনশাল্লাহ ভালো কিছু হবে। বড়ো ক্লাবগুলোতে খেলার একটা আলাদা অনুভূতি থাকে। আমি আগে কখনো আবাহনীতে খেলিনি। তারা বর্তমান চ্যাম্পিয়ন। আশা করি, এটা ধরে রাখতে পারব।’

এছাড়া মাশরাফি-এবাদত হোসেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে, তামিম ইকবাল-মিঠুন-মুস্তাফিজ প্রাইম ব্যাংকে, মাহমুদউল্লাহ গাজী ক্রিকেটার্সে, শফিউল ও আল-আমিন হোসেন লিজেন্ডস অব রূপগঞ্জে, মেহেদী হাসান মিরাজ খেলাঘরে নাম লেখান।

এদিকে মূল আকর্ষণ সিলেটে থাকলেও গতকাল দলবদলের শেষ দিনে মিরপুর স্টেডিয়ামে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয় বেশ ব্যস্ত ছিল। গতকাল দলবদল করেছেন ৬৩ ক্রিকেটার। তিন দিনে মোট ১৩৭ ক্রিকেটার দলবদল করেছেন।

মিরপুর স্টেডিয়ামে গতকাল সকালে ঘর গুছিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তুষার ইমরান, সাকলাইন সজীবরা ব্রাদার্সে নাম লেখান। তারপর রূপগঞ্জে নাম লেখান সাব্বির রহমান, সোহাগ গাজীরা।