যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য সংসদ ভবনের পাশে বিশ্বমানের একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য জায়গা বরাদ্দও দিয়েছেন। এখানে সব সুযোগ-সুবিধা থাকবে খেলোয়াড়দের জন্য।’ গতকাল ব্র্যাকের প্রধান কার্যালয় মিলনায়তনে ‘টুওয়ার্ডস বিল্ডিং ইনক্লুসিভ সোসাইটি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাপান প্যারালিম্পিয়ান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সাবেক প্যারালিম্পিক ক্রীড়াবিদ তাগুচি আকির বাংলাদেশ সফর উপলক্ষ্যে এই বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় জাপান দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় মন্ত্রী আরো বলেন, আমরা এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করছি, এমন সময় জাপানেও অলিম্পিক আয়োজন করছে। আমি আশা করি তারা সফলতার সঙ্গে এ আয়োজন সম্পন্ন করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। জাপান প্যারালিম্পিয়ান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তাগুচি আকি।
