নারীর প্রতি সহিংসতা দেশে নতুন কোনো বিষয় নয়। এর মোকাবিলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে। এর পরও দেশব্যাপী শিশু থেকে বৃদ্ধ সব বয়সের নারী যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে। পুলিশ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ২০১৯ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫ হাজার ৪০০টি। তথ্য অনুযায়ী বাংলাদেশে ধর্ষণের হার ৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাত্ প্রতি ১ লাখ নারীর মধ্যে প্রায় ৪ জন নারীশিশুকেই ধর্ষণের শিকার হতে হচ্ছে, যা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি। এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের প্রাক্কালে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ডরেপর জেন্ডার ওয়াচ কমিটি। গতকাল বেসরকারি সংস্থা ডরেপর জেন্ডার ওয়াচ কমিটির পক্ষ থেকে সভাপতি রুবিনা ইসলাম ও সহসভাপতি সামছুন নাহার বিবৃতিতে এ উদ্বেগ জানান।
