অধিনায়কত্বকে বিদায় জানালেন মাশরাফি

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:৫৪

সাধারণ সংবাদ সম্মেলনের মতো সবাই অপেক্ষা করছিলেন। কিন্তু কেউ প্রশ্ন করার আগেই মাইক্রোফোনটা টেনে নিয়ে তিনি বললেন, ‘আমার একটু কথা আছে।’ সকলে থমকে গেলেন। সঙ্গে সঙ্গে বোঝা গেল, বিশেষ কিছু হতে চলেছে। নিস্তব্দ সংবাদ সম্মেলন কক্ষে ক্যামেরার শাটারের শব্দ সাক্ষী রেখে মাশরাফি বিন মুর্তজা বললেন, অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রিকেটে তার অধ্যায় আজই শেষ। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিদায় বলে দিলেন এ দায়িত্বকে।

গত কিছুদিন ধরেই তার অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মাঝে বলেছেন যে, তারা এ সিরিজের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন। মাশরাফি নিজে একটু দোলাচলে ছিলেন। গতকাল বললেন, সকালেই তিনি নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিতে পেরেছেন। তারপর বিকালে ঘোষণা করে দিলেন। 

মাশরাফি বললেন, ‘কালকে (শুক্রবার) আমার শেষ ম্যাচ অধিনায়ক হিসেবে। আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমার নেতৃত্বে যত ক্রিকেটার খেলেছে বাংলাদেশ দলে, সবাইকে ধন্যবাদ জানাই।  আমি নিশ্চিত, এ প্রক্রিয়াটা সহজ ছিল না, গত ৪-৫ বছরের ভ্রমণ সহজ ছিল না।’

২০০৯ সালে স্বল্প সময়ের জন্য অধিনায়ক হয়েছিলেন। ইনজুরিতে সে দফা বেশি দায়িত্ব পালন করতে পারেননি। ২০১৪ সালে বাংলাদেশের ক্রিকেট যখন বিপর্যস্ত, তখন তার হাতে দেওয়া হয়েছিল সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্ব। এরপর তিনি অধিনায়ক হিসেবে ২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে তোলেন দলকে; সেটা বাংলাদেশের সেরা সাফল্য। দলকে পরপর দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলিয়েছেন। তার অধিনায়কত্বে ২০১৯ সালে বাংলাদেশ প্রথম বহুজাতিক টুর্নামেন্ট জেতে।

অবশেষে সেই অধ্যায় শেষ করার পর মাশরাফি তার আশেপাশের সবাইকে ধন্যবাদ দিয়ে বললেন, ‘ধন্যবাদ জানাই টিম ম্যানেজমেন্ট যারা ছিলেন,  যাদের  কোচিংয়ে খেলেছি ও অধিনায়কত্ব করেছি। তারা সবাই আমাকে ঘনিষ্ঠভাবে অনেক সহযোগিতা করেছেন। যতটুকু মনে হয়, চন্দ্রিকা হাথুরুসিংহের সময় আমার অধিনায়কত্ব শুরু হয়েছিল। এর আগে কিছুটা করেছি, কিন্তু সময় পাইনি ইনজুরির কারণে। তো হাথুরুসিংহে, খালেদ মাহমুদ, স্টিভ রোডস ও এখন রাসেল ডমিঙ্গোকে দিয়ে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।’

মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে সমর্থক; সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘নির্বাচক ও  বোর্ডের কর্মকর্তা যারা আছেন, বোর্ডের প্রতিটি স্টাফ থেকে শুরু করে বোর্ডের সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। মিডিয়ার যারা আছেন, সবাই অত্যন্ত সহযোগিতা করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। সবশেষে সমর্থকেরা, যারা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, আপনাদের সমর্থন ছাড়া অবশ্যই সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ।’

আজ শেষ ম্যাচেও নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অধিনায়ক বলেছেন, ‘আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে।’

‘শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস, বাংলাদেশ দলকে পরবর্তী ধাপে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যদি দলে থাকি, আমিও চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা হয়েছে, ভেতরে যতটুকু আছে, তাকে সর্বোচ্চ সহযোগিতা করার। ধন্যবাদ আপনাদের সবাইকে।’