পিরোজপুরে আউয়াল সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:৫৫

পিরোজপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রীর জামিন এবং বিচারক বদলির ঘটনার পর দুদকের মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আউয়াল সমর্থক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা অবিলম্বে এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিও অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।

দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা তিনটি মামলায় মঙ্গলবার পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এর কয়েক ঘণ্টার মধ্যে আইন মন্ত্রণালয় থেকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের আদালত বিকালে এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর  জামিন মঞ্জুর করেন।

আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ :আইনজীবীদের সঙ্গে ‘রূঢ় ও অশালীন’ আচরণকারী জেলা জজ আব্দুল মান্নানের পক্ষে বিএনপির নেতাদের বক্তব্য ও বিএনপি কর্তৃক আইনমন্ত্রী আনিসুল হকের পদত্যাগ চেয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন পিরোজপুরের আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের সামনে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির এস এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, অ্যাডভোকেট মোস্তাফা কামাল প্রমুখ।