সুদের হার বেশি হলে শিল্পায়ন সম্ভব নয় :অর্থমন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:৫৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, সুদের হার বেশি হলে কখনই শিল্পায়ন সম্ভব নয়। তাই সুদের হার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। তবে এ ক্ষেত্রে আরো সময় দিতে হবে। তিনি বলেন, অনেকেই সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার ব্যাংকের ওপর সুদের হার চাপিয়ে দিচ্ছে। আমেরিকাসহ অনেক দেশ এটা করে থাকে, আমরাও সারাজীবন এটা রাখব না। বাজার যখন স্থিতিশীল হবে, তখন সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সিটি ব্যাংক ও বণিক বার্তার আয়োজনে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরো বক্তব্য দেন সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ব্র্যাকের      চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন।

অর্থমন্ত্রী আরো বলেন, আমরা দেখেছি ব্যাংকগুলো উচ্চ হারে সুদ নিচ্ছেন এবং সুদের হিসাবও জটিলভাবে করা হচ্ছে। এভাবে কোনো উদ্যোক্তা ঋণ নিলে তা ফেরত দেবে কীভাবে? সঞ্চয়পত্রের বিষয়ে তিনি বলেন, এটা চালু করা হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। কিন্তু অনেকে এ খাতে কোটি টাকা বিনিয়োগ করেছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। অর্থনীতির সব খাতেই আমরা অনেক দূর এগিয়েছি। এ অগ্রগতিটা সবচেয়ে বেশি হয়েছে ২০০৯ সালের পর।