তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না :নাসিম

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২৩:০২

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপির দিন শেষ হয়ে গেছে। জনগণ আর বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আসতে দেবে না। যারা বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি, জাতীয় চার নেতা হত্যার বিচার করেনি, তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মইনুদ্দীন মণ্ডলকে সভাপতি ও আব্দুল ওদুদকে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সহসভাপতি হিসেবে মো. জিয়াউর রহমান ও মো. রুহুল আমিনের নামও ঘোষণা করা হয়। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর দিন বদলের রাজনীতি। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে এখন ১৫ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আজ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে। সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।