মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়নের দৌড়ে বাইডেনের প্রত্যাবর্তনে সংকটে পড়েছেন বার্নি স্যান্ডার্স। সুপার টুয়েসডে বাইডেনকে এগিয়ে দিয়েছে যা অনেকের কাছে বিস্ময়ের। এমনকি প্রার্থিতা প্রত্যাহার করে ধনকুবের মাইকেল ব্লুমবার্গের বাইডেনকে সমর্থন দেওয়ায় স্যান্ডার্সের সংকট আরো বাড়িয়ে দিয়েছে। তবে স্যান্ডার্সের সমর্থকরা এখনো হতাশ হতে রাজি নন। খবর রয়টার্স ও আল জাজিরার
মঙ্গলবারের প্রাইমারিতে ১৪টি রাজ্যের মধ্যে ১০টিতেই জয় পেয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ১৩৫৭ ডেলিগেটদের মধ্যে বাইডেন ৪৩৩ ও স্যান্ডার্স ৩৮৮ ডেলিগেট পেয়েছেন। বার্নি স্যান্ডার্সের সমর্থকরা বলছেন, এখনো হতাশ হওয়ার মতো কিছু হয়নি। বরং স্যান্ডার্সকে সামনের নির্বাচনগুলোতেও শক্তি দেখাতে হবে। এজন্য তিনি বয়স্ক এবং আফ্রিকান-আমেরিকান ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করবেন। স্যান্ডার্সের আশা তরুণ এবং ল্যাটিন আমেরিকান ভোটাররা তাকে সমর্থন দেবেন। মঙ্গলবারের ভোটে তারাই বেশি স্যান্ডার্সকে সমর্থন দিয়েছেন বলে বুথ ফেরত জরিপে দেখা গেছে।
আফ্রিকান আমেরিকান ভোটারদের নিয়ে স্যান্ডার্স বেশি আশাবাদী হলেও টেক্সাসে কৃষ্ণাঙ্গ ভোটারদের ৬০ ভাগই পেয়েছেন বাইডেন। স্যান্ডার্স পেয়েছেন মাত্র ১৭ শতাংশ। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার নির্বাচনবিষয়ক বিশ্লেষক কায়েল কনডিক বলেন, আগামীতে ফ্লোরিডা ও জর্জিয়ায় বাইডেন শক্তিশালী অবস্থানে থাকবেন বলে আশা করছেন। আর স্যান্ডার্সকে তার প্রচারণা আরো বাড়াতে হবে। দেখা যাচ্ছে, এতদিন যেখানে বাইডেনকে প্রচারণার মডেল পরিবর্তন করতে হতো, সেখানে এখন স্যান্ডার্সকেই প্রচারণা নিয়ে চিন্তা করতে হচ্ছে।
