ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তন পূর্ণ হয়ে উঠেছিল কমলা রঙের পোশাক পরিহিত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে। বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও ইইউএনডিপির উদ্যোগে গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এমন প্রতীকী প্রতিবাদ করা হয়। আয়োজকরা জানান, কমলা রং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ হিসেবে ব্যবহূত হয়। এছাড়া জাতিসংঘও এবার রংটিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ হিসেবে নির্ধারণ করেছে।
আলোচনা সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদনের মুখ্য লেখক ও প্রাক্তন পরিচালক সেলিম জাহান ‘নারী মানেই আনাড়ি নয়’ শীর্ষক বক্তৃতায় বলেন, ঘরে-বাইরে জীবনের সব ক্ষেত্রে নারীর ধ্যান-ধারণা, দৃষ্টিভঙ্গি, চিন্তা-চেতনা, কর্মধারা প্রতিনিয়তই প্রমাণ করেছে যে তারা আনাড়ি নয়। রাষ্ট্র পরিচালনার মতো সামষ্টিক বিষয়েই শুধু নয়, জীবন ও জগতের নানা ক্ষেত্রে নারীর দক্ষতা ও অর্জন সুবিদিত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন ঘটানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণের মাধ্যমে সর্বস্তরে নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বাংলাদেশের নারীরা ইনফরমাল এবং ফরমাল উভয় সেক্টরে কাজ করছে। ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকেও বাংলাদেশের নারীদের অবদান দৃশ্যমান। ২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে আমাদের নারীদের যে উন্নয়ন তা অকল্পনীয়।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সান্জীদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগের এমিরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী ও ইউএনডিপির প্রকল্প পরিচালক আব্দুল মান্নান। অনুষ্ঠানে ‘স্লোগান ও আলোকচিত্র প্রতিযোগিতায়’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
