করোনা ভাইরাস আতঙ্কে টয়লেট পেপারের চাহিদা বেড়ে যাওয়ায় একটি অস্ট্রেলিয়ান পত্রিকা তাদের অতিরিক্ত আট পৃষ্ঠা ফাঁকা রেখে প্রকাশ করেছে। যাতে মানুষ এগুলো টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে পারে।
ওই পত্রিকার নাম ‘এনটি নিউজ’। অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলে বসবাসরত নাগরিকরা বৃহস্পতিবার দেখেন যে, পত্রিকার আট পৃষ্ঠা খালি রেখে প্রকাশ করা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি অস্ট্রেলিয়ানরা ব্যাপক হারে টয়লেট পেপার কিনছেন। এতে দেশটির সুপারমার্কেটগুলোতে টয়লেট পেপার সঙ্কট দেখা দেয়।
এরপরই ওই উদ্যোগ নেয় ‘এনটি নিউজ’ নামে পত্রিকাটি। তারা বলছে, ‘জরুরী অবস্থায় ব্যবহারের জন্য আমরা আট পৃষ্ঠার বিশেষ পাতা প্রিন্ট করেছি। যেখানে সহজেই কাটার জন্য লাইন করে দেওয়া রয়েছে।’
‘এনটি নিউজে’র সম্পাদক ম্যাট উইলিয়ামস সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি অবশ্যই বিরক্তিকর কোনো সংস্করণ নয়।’
এদিকে বুধবার অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সুপার মার্কেট ঘোষণা করেছে, এখন থেকে কোনো গ্রাহক চার প্যাকেটের বেশি টয়লেট পেপার কিনতে পারবেন না। আর এমন সিদ্ধান্ত এ জন্য নেওয়া হয়েছে, যাতে অন্যরাও টয়লেট পেপার সংগ্রহ করতে পারেন।
অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল অফিসার ব্রেন্ডন মারফিও নাগরিকদের অনুরোধ করে বলেছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত টয়লেট পেপার যেন কেউ ক্রয় না করেন।
সবশেষ বিশ্বের ৭৮টি দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। পুরো বিশ্বে এই ভাইরাসে ৯৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।
YES, WE ACTUALLY DID PRINT IT #toiletpapercrisis pic.twitter.com/jusP50ojYu
— The NT News (@TheNTNews) March 4, 2020
ইত্তেফাক/জেডএইচ
