এটো আইসক্রিম ফ্রিজে রাখায় যুবকের কারাদণ্ড!

আপডেট : ০৬ মার্চ ২০২০, ১১:০০

গত বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোর্ট আর্থার এলাকার একটি ওয়ালমার্ট শপ থেকে আইসক্রিম নিয়ে একটু খেয়ে আবার সেই দোকানের ফ্রিজে রেখে দেন  ডি' আদ্রিয়েন এন্ডারসন নামের এক যুবক । আর এই দায়ে এক মাসের কারাদণ্ড হয়েছে তার। পাশপাশি তার কর্মস্থল থেকে ছয় মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে। এছাড়া প্রায় আড়াই হাজার ডলার জরিমানাও করা হয়েছে। 

 ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্ট মাসের ২৬ তারিখ ওয়ালমার্ট শপে গিয়ে এন্ডারসন আইসক্রিম একটু চেটে  দোকানের ফ্রিজে রেখে দেন। এই দৃশ্য ধারণ করে সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন এন্ডারসন । এছাড়া সিসি ক্যামেরাতেও এন্ডারসনের এমন কর্মকাণ্ডের প্রমাণ মেলে। এদিকে এটো আইসক্রিম খেয়ে আবারো ফ্রিজে রাখা দৃশ্য  ছড়িয়ে পড়ার পর ওই ওয়ালমার্ট শপের সব আইসক্রিম পরিবর্তন করে ব্লু বেল নামের একটি আইসক্রিম কোম্পানি। এতে তাদের প্রায় ১৫শ৬৫ ডলার খরচ হয়। 

 এমন ঘটনার পর এন্ডারসন এবং তার বাবা দাবি করেছিল, ওয়ালমার্ট শপ থেকে আইসক্রিম কিনে খাওয়া হয়েছিল। আর এর একটি রশিদ পুলিশের কাছেও জমা দিয়েছে এন্ডারসনের পরিবার। তবে এই বছরের শুরুতে নিজের দোষ স্বীকার করে নেন এন্ডারসন। 

এই বিষয়ে ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয়, যদি খাবার অবৈধভাবে নষ্ট করা হয় অথবা কোন গ্রাহক ভেজাল খাবার রাখার মনমানসিকতা নিয়ে আসে তাহলে আমরা দ্রুত তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহয়তা নেবো। 

ইত্তেফাক/এআর