টাকা নেবেন স্বতন্ত্র প্রার্থীর ভোট দেবেন নৌকায় :মেনন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদীতে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী জনসভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, টাকা নেবেন স্বতন্ত্র প্রার্থী আতিকের, ভোট দেবেন নৌকায়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার সরকারি মুলাদী মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টির নৌকা প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনী প্রচারণা না চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের নৌকা প্রতীককে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। তাই নৌকার প্রার্থী অ্যাড. টিপু সুলতানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।  এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ১৪ দলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী। আওয়ামী লীগ নেতা অ্যাড. হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বরিশাল-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. টিপু সুলতান এমপি, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল খালেক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সেলিম আহমেদ চৌকিদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজু ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দীন বেপারী, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন বেপারীসহ উপজেলা ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।