মুজিববর্ষে আবারো ফিরে এলো জয় বাংলা কনসার্ট। আগামীকাল ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই কনসার্টের গেট খুলবে সকাল ১০:৩০ মিনিটে। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে চলা আয়োজন এবার ভিন্নমাত্রা যোগ করেছ জয় বাংলা কনসার্টে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মত হওয়া এই আয়োজনের শুরু হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বরাবরের মতই তারপর থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি।
এবারের ষষ্ঠতম আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশ কিছু ভিন্নমাত্রা ও চমক। এদিন দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজন করা হয়েছে কনসার্টের যেখানে দুপুরে বিশ্ববিদ্যালয় ভিত্তিক পাঁচটি ব্যান্ডদল অংশ নেবে। এরপর দুপুরে একে একে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এফ মাইনর ব্যান্ড, মিনার রহমান, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিং, লালন, আরবোভাইরাস। সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে ঘোষণা ৭ মার্চের ভাষণ। সেই ভাষণের পর মঞ্চ মাতাতে থাকছে ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড এবং চিরকুট। এরই মাঝে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হলোগ্রাফিক প্রজেকশন। রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টের এই আয়োজন।
রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। গত আসরে এই কনসার্ট টেলিভিশন এবং অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। আর সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক।
আরো পড়ুন : লিটনের শতকে উদ্বোধনী জুটিতে রানের রেকর্ড
ইত্তেফাক/ইউবি
