মজিবুর রহমান, মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডোকলাখালী এলাকায় বেড়ের ধন নদীর ওপরে নির্মিত আয়রন স্লিপার ব্রিজটি জরাজীর্ণ হয়ে চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এলজিইডির আওতাধীন এই ব্রিজ নড়বড়ে হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, সিমেন্টের ঢালাই দেওয়া স্লিপারগুলোর বেশির ভাগই ভেঙে গেছে। ক্রস অ্যাঙ্গেলগুলোতে মরিচা ধরে গেছে। এলাকাবাসী স্লিপারের ভাঙা অংশে সুপারিগাছসহ বিভিন্ন গাছ ব্যবহার করে ব্রিজটির ওপর দিয়ে চলাচল করছেন। এতে করে স্কুলগামী শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে ঐ ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়েই প্রতি দিন শত শত লোকজন যাতায়াত করে। স্থানীয়রা জানান, ১৯৯৩-১৯৯৪ সালে বেড়ের ধন নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এই আয়রন ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে বিপাকে পড়ছেন অটোবাইক, মোটরসাইকেল, টেম্পো, রিকশা, ভ্যানসহ অভ্যন্তরীণ এ রুটে চলাচলকারী বাহনের চালকরা।
পশ্চিম সুবিদখালী গ্রামের রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, ‘আয়রন ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় এই পথে রিকশা চালানো যাচ্ছে না। অন্যান্য বাহন চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে।’ মীর্জাগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট ৪ নম্বর দেউলি-সুবিদখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আজিজ হাওলাদার ও ইউপি সদস্য মো. মামুন হাওলাদার বলেন, ‘ব্রিজটি সংস্কারের অভাবে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই ব্রিজ দিয়ে পার হচ্ছে। এটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।’ এ ব্যাপারে মীর্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ জানান, ইতিমধ্যেই জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ব্রিজটির প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বানপূর্বক ব্রিজটি নির্মাণ করা হবে।
