মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। উপজেলায় এবার আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো ২ হাজার ৮৯ টন। সর্বশেষ তথ্য অনুযায়ী শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত কৃষকদের কাছ থেকে মোট ১ হাজার ২০০ টন ধান ক্রয় করা হয়েছে। উপজেলা খাদ্যগুদামের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলার বর্তমান তিনটি গুদামের ধারণক্ষমতা ১ হাজার ৫০০ টন। তন্মধ্যে গুদামে আগের ৫০০ টন চাল রয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় সংগ্রহকৃত ধান থেকে ২৬৮ টন ধান এরই মধ্যে ক্রাশিং মিলে পাঠানো হয়েছে। গুদামের বাকি ধান পর্যায়ক্রমে ক্রাশিংয়ে পাঠানো হবে।
এ ব্যাপারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক উত্তম কুমার চক্রবর্তী ইত্তেফাককে জানান, গত ১২ ডিসেম্বর থেকে ৫ মার্চ পর্যন্ত ৮০০ কৃষক সরাসরি খাদ্যগুদামে এসে ১ হাজার ২০০ টন ধান দিয়ে গেছে। কৃষকের ধানের টাকা সঙ্গে সঙ্গেই সোনালি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, মিরসরাইয়ে ১ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন আরো একটি গুদামের প্রয়োজনীয়তা রয়েছে।
