কুমিল্লায় বিভিন্ন অভিযোগে চার জন গ্রেফতার

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এছাড়া সবুজ বাংলা অনলাইন টিভি সাংবাদিকের কার্ড ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও নগরীর রাজগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ সিপিসি-২-এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বেলা ১২টায় কুমিল্লা র্যাব কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, ভোরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হাদাগড়া গ্রামের শরিফ হোসেনের ছেলে শফিকুল ইসলামকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপর একটি দল কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকা থেকে সাংবাদিক কার্ড ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আরিফুর রহমান (২৭), রনি মিয়া (২৬) ও ইমাম হোসেনকে (২৫) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার টাকা, দুটি সাংবাদিক আইডি কার্ড ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।