নাগেশ্বরীতে হঠাত্ বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে মেঘের গর্জন, সঙ্গে নিয়ে হঠাত্ বাসন্তী বৃষ্টি। সঙ্গে এলোমেলো দমকা বাতাসে ছন্দপতন ঘটেছে মানুষের স্বাভাবিক চলাফেরায়। ঝরেছে আমের মুকুল। শুক্রবার সকাল থেকেই নাগেশ্বরীর আকাশ কালো হয়ে বৃষ্টির হুমকি দিয়ে যাচ্ছিল। এরপর সকাল ১১টার দিকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এই থামে, এই ঝরে। শেষ পর্যন্ত দুপুরে তুমুল হয়ে ঝরতে থাকে বৃষ্টি।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যদিনের চেয়ে এমনিতেই রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। তারপর এ বৃষ্টি আরো ফাঁকা করে দেয় রাস্তাঘাট। ছন্দপতন ঘটেছে মানুষের স্বাভাবিক চলাফেরায়। যারা বিশেষ প্রয়োজনে বের হয়েছিলেন তারাও কাকভেজা হয়ে ফিরে গেছেন বাড়িতে। নিম্নআয়ের কর্মজীবীরা কাজ সেরেছেন বৃষ্টিতে ভিজেই। এদিকে বৃষ্টি আর দমকা বাতাসে ঝরে গেছে আমের মুকুল।