ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোটের নামে প্রচারণা চালানোর দায়ে বর্তমান সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে জেলার আশুগঞ্জ উপজেলায় এই ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম মোর্শেদ। তিনি জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে একটি লিখিত আদেশ পাই। পরে আমরা সরেজমিনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার বিভিন্ন পোস্টারে মহাজোট প্রার্থী লেখা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি পাওয়া যায়। এসব প্রমাণ সংগ্রহ করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে তলব করা হয়। বিকালে তার প্রতিনিধি আসলে মহাজোটের প্রার্থী হিসেবে সে কোনো প্রকার প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এরই প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা মতোবেক তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার ব্যানার খুলে ফেলতে নির্দেশ দেয়া হয়।
