এক মাসে নিহত ৮, আহত ২০
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলার সড়ক-মহাসড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনবিহীন নছিমন, করিমন, ট্রলি, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন। ইতিমধ্যে তালা ও পাটকেলঘাটা থানা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও বন্ধের জন্য মাইকিং করা হলেও পাওয়া যাচ্ছে না কোনো প্রতিকার। এর ফলে গত ফেব্রুয়ারি মাসেই উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আট জন মারা গেছে, আহত হয়েছে অন্তত ২০ জন। এত দুর্ঘটনা ও হতাহতের পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উপজেলায় গড়ে উঠেছে অবৈধ যানবাহন তৈরির কারখানা। খুলনা-সাতক্ষীরা সড়কের মির্জাপুর বাজারের ওপরেই বিশাল জায়গা জুড়ে ১০/১২টি কারখানায় রাত-দিন তৈরি হচ্ছে নছিমন, করিমন, ট্রলি, ব্যাটারি ভ্যানসহ পাওয়ার টিলারে বগি লাগিয়ে মিনিট্রাক। জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি বালিয়া টিআরএম ব্রিজ সংলগ্ন এলাকায় গণেশ ঘোষ (৪৮) নামের এক কৃষক ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত হন। ১৮ ফেব্রুয়ারি স্কুলছাত্রী মোহন পাল সরস্বতী (৭) ইজিবাইকের ধাক্কায়, ১৭ ফেব্রুয়ারি ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার সামছুর রহমান সানা (৪০) ট্রাক চাপায়, ১৬ ফেব্রুয়ারি ব্যাটারি ভ্যানের ধাক্কায় প্রতীম দাস তোজো (৫), ১৪ ফেব্রুয়ারি পিকআপের ধাক্কায় চম্পা রানী মণ্ডল (৩২), ১১ ফেব্রুয়ারি বাসচাপায় আব্দুস সাত্তার (৪৮), ৫ ফেব্রুয়ারি ট্রাকের ধাক্কায় হযরত আলী গাজী (৪৫) এবং গত ৪ ফেব্রুয়ারি দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র দ্বীপজয় সাধু (১৮) মারা যায়। তালা থানার ওসি মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দুর্ঘটনায় উক্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে থানা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এসব অবৈধ যানবাহন বন্ধের জন্য মাইকিং করা হয়েছে। এ বিষয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
