জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুজিব জন্মশতবর্ষ উদ্যাপনের সূচনা

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:২৬

বরিশাল অফিস

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে মুজিব জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপনের সূচনা হয়েছে। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্যের পরপরই পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যসহ সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।  এর আগে উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছলে তাকে স্বাগত জানান কমপ্লেক্স জাদুঘরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে উপাচার্য কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং পরিদর্শক বহিতে স্বাক্ষর করেন।