সিলেটে কলেজছাত্র খুন গ্রেফতার এক

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:২৭

সিলেট অফিস

সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না (২১) সিলেট নগরীর জিন্দাবাজারের কৃষি ব্যাংকের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রথম আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম মুন্না (২১) গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র।

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারে এ ঘটনাটি ঘটে। নজরুল ইসলাম মুন্নার পিতা মো. রফিকুল ইসলাম জানান, তার পুত্র নজরুল ইসলাম মুন্না গোয়াইনঘাট সরকারি কলেজে বিএ (সম্মান) বাংলা দ্বিতীয় বর্ষে পড়ালেখার পাশাপাশি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। কর্মস্থল থেকে বেতন তুলে বাজার করার জন্য রাত সাড়ে আটটার দিকে জিন্দাবাজার কৃষি ব্যাংকের সামনে পৌঁছার পর দেখেন স্থানীয় ফুটপাতের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে একজন ক্রেতাকে পেটাচ্ছিল।

বিষয়টি দেখে নজরুল ইসলাম মুন্না ঐ ক্রেতাকে না মারার জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ফুটপাতের ব্যবসায়ীরা নজরুল ইসলাম মুন্নার ওপর অতর্কিত হামলা চালায়।