বনানীতে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থী নিহত

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০০:৫৪

রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ফয়সাল আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সে এমবিএর শিক্ষার্থী ছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফয়সাল আহমেদের বাবার নাম আবুল হোসেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। তবে তারা বর্তমানে মিরপুর পীরেরবাগ এলাকায় বসবাস করতেন। জানা যায়, বনানী চেয়ারম্যান বাড়ির ট্রাফিক বক্স থেকে ২০ গজ দক্ষিণে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফয়সালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।