পাবনা-১ আসনে ২২ বছর পর ধানের শীষ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

বেড়া (পাবনা) সংবাদদাতা

পাবনা-১ আসনে সাঁথিয়া ও বেড়ার আংশিক ২২ বছর পর আবার ধানের শীষ প্রতীক ফিরে এসেছে। তবে প্রতীক পেলেও বিএনপির নেতা-কর্মীরা এবারও নিজেদের দলের প্রার্থী পাননি। এ আসনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই সাবেক সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন। তার সঙ্গে নির্বাচনী লড়াই হচ্ছে বর্তমান সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর। সর্বশেষ ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেজর অব. মনজুর কাদের। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে আবু সাইয়িদই বিজয়ী হয়েছিলেন। এই আসনে জামায়াতের ব্যাপক প্রভাব থাকায় এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ১৯৯১ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হওয়ায় এটি নিজামীর আসন বলে পরিচিতি পায়। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, এবারের নির্বাচন অন্যরকম একটি নির্বাচন। এখানে প্রার্থী বড় নয়, প্রতীকই বড়। পাবনা-১ আসনে দীর্ঘদিন পর ধানের শীষ প্রতীক ফিরে আসায় নেতা-কর্মীরা উজ্জীবিত। এর ওপর আবু সাইয়িদের মতো বিজ্ঞ নেতার ব্যাপারে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ।